বিএনপির ১১ দফা অবরোধ শুরুর আগে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাসে অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ একাত্তরকে জানান, রাত সাড়ে ৮টার দিকে কন্ট্রোল রুমে খবর আসে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, বিকেল সাড়ে তিনটার দিকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। সে আগুনও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা নিয়ন্ত্রণে আনে।
বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট হবে ৭ জানুয়ারি। দেশের সিংহভাগ রাজনৈতিক দল ভোটে অংশ নিলেও বিএনপি তফসিল বর্জন করে সরকার পতনের এক দফা দাবিতে নাশকতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
আর বিএনপির কর্মসূচিতে সারাদেশে অসংখ্য যানবাহনে আগুন দেয়া হয়েছে। ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে রোববার পর্যন্ত ২৬৭টি যানবাহনে আগুন দেওয়ার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।
অবরোধের আগে মতিঝিলে বাসে আগুন
আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন