নোয়াখালীতে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছেন র্যাব-১১। তাকে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ওই ব্যক্তি নিজেকে নিউরো মেডিসিনের সহকারী অধ্যাপক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।
শুক্রবার জেলার বেগমগঞ্জ উপজেলার আলীপুর এলাকার ল্যাবএইড লিমিডেট ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রাকিব আহসান (৪৭)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বাওনারা গ্রামের বাসিন্দা।
র্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, ওই ব্যক্তি নিজেকে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও নিউরো মেডিসেনের বিশেষজ্ঞ পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। এমন খবরে র্যাব-১১ এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাতসহ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানান, গ্রেপ্তার ব্যক্তি যে সব সনদ দিখিয়েছেন তার সত্যতা পাওয়া যায়নি।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. ফয়সাল।