একের পর এক গুলির শব্দ, বিকট আওয়াজে ককটেল বিস্ফোরণ, প্রকাশ্যে পিস্তল, রামদা হাতে মহড়া- প্রকাশ্য দিনের আলোতেই এরকম কাণ্ড ঘটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে কুমিল্লার একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা।
মঙ্গলবার বিকেল তিনটার দিকে অস্ত্রের মহড়ার এ ঘটনা ঘটেছে কুমিল্লার সাত সম্বর ওয়ার্ডের সিটি কাউন্সিলর কার্যালয়ের সামনে।
কিশোর গ্যাংয়ের সদস্যদের এরকম তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। আর ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিটি কাউন্সিলর কার্যালয়ের সামনে বিকাল সাড়ে তিনটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী থেমে থেমে অস্ত্রের মহড়া দেয় কিশোর গ্যাং সদস্যরা। পিস্তাল থেকে ফাঁকা গুলি ছুঁড়ছে তারা। রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে।
এলোপাথাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অস্ত্রধারীরা।
সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান বলেন, বিকালে একদল অস্ত্রধারী এসে আমার কার্যালয়ের সামনে ককটেল ও এলোপাথাড়ি গুলি ছোড়া শুরু করে। এ সময় তারা আমার বাড়ির গ্লাস ভেঙে দেয়।
এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন এই কাউন্সিলর।
তবে আধিপত্য বিস্তারের বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে বলে জানান কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।
তিনি বলেন, ‘ওই কাউন্সিলরের সঙ্গে স্থানীয় কিছু লোকের আধিপত্য নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে এ ঘটনা। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।