অস্ত্র ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা, যুবক আটক

নোয়াখালী সদরে অস্ত্র ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টাকালে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

শনিবার বিকেলে পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সূর্যনারায়ণবহর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোহাম্মদ হাছান (২৯) ওই গ্রামের মো. হানিফের ছেলে। তিনি একই এলাকার মো. সোহেলের (৩৪) কাছে টাকা পেতেন।

পুলিশ জানায়, হাছান শনিবার বিকেল সোয়া চারটার দিকে পাওনা টাকা ফেরত চাইলে সোহেল টাকা দিতে দেরি করেন। এসময় হাছান পিস্তল ঠেকিয়ে সোহেলকে ভয় দেখান। পরে সোহেলের চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে হাছানকে অস্ত্রসহ আটক করেন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ মোহাম্মদ হাছানকে আটক করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।