খাগড়াছড়িতে ক্লু লেস মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার এক

খাগড়াছড়িতে এক অটোচালক হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে হত্যায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন।

রোববার দুপুরে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তির নাম রাপ্রু মারমা (৩২)। তিনি সদর থানার সৌয়ারাপাড়া মহল্লা বাসিন্দা।

পুলিশ সুপার জানান, গত বছরের ১১ নভেম্বর দুপুরে খাগড়াছড়ি পৌরসভার স্বপ্ন মোহন কারবারী এলাকার তিন রাস্তার মোড়ে সুজন্ত ত্রিপুরা ওরফে সুজনকে (২৪) দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায়। ওই ঘটনায় ভিকটিমের স্ত্রী সুজিতা ত্রিপুরা বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। 

তিনি জানান, ভিকটিম ও আসামি উভয়ের পেশা অটোচালক। তারা মাদকসেবী ও বন্ধু ছিলেন। হত্যার বেশ কিছুদিন আগে তাদের মধ্যে ইজিবাইকের সিরিয়াল নিয়ে তর্ক ও মারামারি হয়। এরই জের ধরেই রাপ্রু সুজন্ত ত্রিপুরাকে হত্যা করে। 

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা চলমান আছে। তাকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।