সাজেকে ইউপিডিএফের আধা বেলার সড়ক অবরোধ শুরু

সাজেকে ইউপিডিএফের দুই সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে আধা বেলা (সকাল থেকে দুপুর ১২টা) পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।

বুধবার সকাল থেকে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক পর্যটন সড়কে এ কর্মসূচি শুরু হয়। সকাল থেকে সংগঠনটির সদস্যরা সাজেক বাঘাইহাট সড়কের বিভিন্ন জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে।

এর আগে মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির প্রকাশ ও প্রচার বিভাগের প্রধান নিরণ চাকমা বলেন, ঘোষিত কর্মসূচি সকাল-সন্ধ্যার পরিবর্তে আধা বেলা (দুপুর ১২টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে। সকালে ইউপিডিএফের সাজেক ইউনিটের প্রধান সংগঠক অডিট চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিশেষ কারণ বশত অবরোধ কর্মসূচির সময় পরিবর্তনের এ তথ্য জানিয়েছেন। তিনি সবাইকে আধা বেলা সড়ক অবরোধ শান্তিপূর্ণ ও সফলভাবে পালনের আহবান জানান

মঙ্গলবার সাজেকের মাচলঙে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

চার জানুয়ারি সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় ইউপিডিএফের প্রসীত গ্রুপের দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জেএসএস সন্তু লারমা দলের লোকদের দায়ি করে ইউপিডিএফ।  হত্যার দুই দিন পর অজ্ঞাতদের আসামি করে সাজেক থানায় মামলা করেছেন দীপায়নের স্ত্রী এশিয়া চাকমা।

সাজেক থানার সার্কেল এএসপি ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল বলেন, পর্যটকদের নিরাপত্তায় সাজেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।