ফেনীতে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার বিকেল পাঁচটার দিকে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। ফেনী রেল স্টেশনের মাস্টার মো. হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি বিকেলে ফেনী স্টেশনের প্লাটফর্মে প্রবেশ করছিল। এ সময় হঠাৎ ট্রেনটির একটি বগি থেকে চারটি চাকা খুলে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
হারুন বলেন, পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। পেছনের দুটি বগি রেখে বাকি সাতটি বগি চার নাম্বার লাইনে নেয়া হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে। তবে অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ফেনী রেলস্টেশনের জিআরপি পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি ফেনী স্টেশনের প্ল্যাটফর্মেই রয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।