নারায়ণগঞ্জের ফতুল্লায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এক শিশু। সেই ঘটনার মামলায় পলাতক এক আসামিকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। তাকে ফতুল্লা থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলার বাউফল উপজেলার চন্দ্রপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামির নাম মন্টু ওরফে মাসুদ রানা। তিনি ওই শিশু নির্যাতন মামলার দুই নম্বর আসামি।
র্যাবের পটুয়াখালী কোম্পানি কমান্ডার মেজর মাসুদ রানা জানান, ২৩ ফেব্রুয়ারি রাতে ফতুল্লার মাসদাইর এলাকার এক শ্রমিকের শিশু নিজ বাসার কাছে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় সাত জনকে আসামি করে ২৭ ফেব্রুয়ারি ফতুল্লা থানায় মামলা হয়।
তিনি জানান, ধর্ষণের পর মন্টু বাউফলের এই এলাকায় আত্মগোপন করে দিনমজুরের কাজ করে আসছিল। গোয়েন্দা তথ্য ও তদন্তে নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।