মাঝরাতে মেডিকেলে অভিযান চালিয়ে দালাল ধরলো ম্যাজিস্ট্রেট

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মাঝরাতে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। রাতেই ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে তিন মাসের সাজা দেয়া হয়।

রোববার রাতে গ্রেপ্তার রুহুল আমিন (৩৫) কুমিল্লা নগ‌রের দ্বিতীয় মুরাদপুরের বাসিন্দা।

রোগীদের অভিযোগ, কুমিল্লা মেডিকেলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দালালদের দৌরাত্ম্য চলে। একাধিক সিন্ডিকেটও গড়ে উঠেছে।

অভিযান পরিচালনা করা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান জানান, দালালরা কুমিল্লা মেডিকে‌লে আসা রোগীদের ভালো চিকিৎসার নাম করে আশপাশের বেসরকা‌রি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। পরে বিভিন্নভাবে রোগীদের প্রতারিত করা হয়। গভীর রাতে সংবাদের ভিত্তিতে তাই অভিযান চালানো হয়েছে।

জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেহেদী হাসান।