চাঁদপুরে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া এলাকায় একটি মুরগী বহনকারী পিকআপ ভ্যান ও সিএনজি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত ও চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াপাড়া-হোসেনপুর গ্রামের মধ্যবর্তী কচুয়া সড়কের বশির উল্লাহ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবুল কাশেম (৪৫) ও আব্দুর রব (৫৫) শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের স্বর্ণকার পাড়ার বাসিন্দা। আহতরা হলেন কচুয়া উপজেলার বাসিন্দা আব্দুর রশিদ ও আশেক আলী। গুরুতর আহত অটোচালকের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, ইফতারের পর বৃষ্টি নামে। ঠিক ওই মুহূর্তে কচুয়া অভিমুখী পিকআপ ভ্যানটির সাথে কালিয়াপাড়ার দিকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসেন। ঘটনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে যান।

শাহরাস্তি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাষ্টার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খালিদুর রহমান জিহাদ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।