কিশোরীদের প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও বিক্রি, গ্রেপ্তার তিন

পটুয়াখালীতে কিশোরীদের প্রেমের ফাঁদে ফেলে অপহরণ এবং পরে বিক্রি করে দিচ্ছিলো এক যুবক। অভিযোগ পেয়ে, র‌্যাব-৮ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এসময় নারীদের কেনাবেচায় সংশ্লিষ্ট আরও দুই জনকে গ্রেপ্তার এবং ১৫ বছরের এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তররা হলেন- জেলার দুমকি উপজেলার জলিশা গ্রামের ইমন (২০) এবং নারী কেনাবেচায় তার দুই সহযোগী মাদারীপুরের তানিয়া (২৬) ও পালং উপজেলার জাহানারা বেগম (২৭)। 

উদ্ধার হওয়া কিশোরীটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার শিক্ষার্থী।

মঙ্গলবার সকালে জেলা শহরের পুরাতন হাসপাতাল এলাকার একটি বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার এবং তিন জনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মাসুদ রানা জানান, গত ১১ মার্চ মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় ওই কিশোরী। পরের দিন তার বাবা বাকেরগঞ্জ থানায় জিডি করেন। পরে ভিকটিমকে উদ্ধার ও আসামি গ্রেপ্তারে ব্যাপারে র‌্যাবের সহযোগিতা চাওয়া হয়। 

গ্রেপ্তারের পর স্বীকারোক্তিতে জানা যায়, ইমন প্রেমের ফাঁদে ফেলে ১১ মার্চ ওই কিশোরীকে অপহরণ করে পটুয়াখালী নিয়ে আসে এবং সহযোগী দুই নারীর কাছে ৩০ হাজার টাকায় বেচে করে দেয়। গ্রেপ্তার দুই নারী পটুয়াখালী জেলা শহরের পুরাতন হাসপাতাল এলাকায় বাসা ভাড়া নিয়ে মেয়েদের দিয়ে দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন। এই কিশোরীকেও চেষ্টা করা হয়েছিল। কিন্তু পারেনি।

ইমন এর আগেও প্রতারণার ফাঁদ পেতে অপহরণ ও পাচার করেছে। গ্রেপ্তার তিন জনকে বাকেরগঞ্জ থানায় সোপর্দ এবং মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।