পাহাড়ে উৎসবের ঢাকে কাঠি, অপেক্ষা বৈসাবির

রাঙ্গামাটিতে বৈসাবি উপলক্ষে চলছে বিজু মেলা। চার দিনের এই মেলার উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। আয়োজনে অংশ নেয়া অতিথিরা জানান, এমন আয়োজন পাহাড়ে সম্প্রীতি বাড়াবে। এরইমধ্যে বাংলা বছরের শেষ দিন ও নতুন বছর বরণকে ঘিরে উৎসবের আমেজে পুরো নগরী।  

রাঙ্গামটিতে বিজু, বৈসুক, সাংগ্রাই, বিহু, বিষু বা সংক্ষেপে বৈসাবি উৎসবের আগেভাগে মেলার অংশ হিসাবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে এই বর্ণিল শোভাযাত্রা। আর কয়েকদিন পরেই তিন পাহাড়ি জেলায় হবে মূল বৈসাবি উৎসব।

শোভাযাত্রা শেষে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বুধবার চারদিনের বিজু মেলা উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। পরে পাহাড়িদের ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করেন ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের শিল্পীরা। 

বৈসাবি আর বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আয়োজিত এই মেলায় পাহাড়িদের হস্তশিল্পসহ নানা সামগ্রী নিয়ে অংশ নিচ্ছে শতাধিক দোকান।

এমন মেলা আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন মেলা কমিটির আহবায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, এমন আয়োজনে পাহাড়ে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বাড়াবে।