চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীতে একটি ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসে সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করে। এর আগে সকাল ১০টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানান, সিটি গেইট এলাকায় গার্টেক্স গার্মেন্টসের গুদাম ঘরে আগুনের ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে ওই গুদামে ধোঁয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে মোট সাতটি ইউনিট এসে আগুন নির্বাপনে যোগ দেয়। দুই ঘণ্টার চেষ্টায় বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, গুদামটির পাশে চার তলা বিল্ডিংসহ অনেক স্থাপনা ছিল। বৃষ্টি ও আগুন নিয়ন্ত্রণে রাখতে পারায় তা বাইরে ছড়াতে পারেনি। তাৎক্ষনিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।