কুমিল্লায় টাকা আত্মসাতে পার পেলেন না প্রকল্প সমন্বয়ক

কুমিল্লায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের টাকা আত্মসাতে এক সমন্বয়কারীকে পাঁচ বছরে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ৩০ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

রোববার কুমিল্লা আদালতের বিশেষ জজ বেগম সামছুন্নাহার এই রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম। বর্তমানে তিনি চাকরি থেকে সাময়িক বরখাস্ত। তার বাড়ি জেলার মেঘনা উপজেলার লক্ষণ খোলামে। তিনি মেঘনা উপজেলায় একটি প্রকল্পের সমন্বয়ক ছিলেন। তবে রায়ের সময় তিনি পলাতক ছিলেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক ফজলুল হক ও দুদকের নথি থেকে জানা গেছে, সাইফুল ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের মে মাস পর্যন্ত ৩২ লাখ ১৬ হাজার ৮০০ টাকা আত্মসাৎ করেন বলে অডিটে উঠে আসে। এবিষয়ে মেঘনা উপজেলা ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাঠ সহকারী মোখলেসুর রহমান দুর্নীতি দমন আইনে বাদি হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের বর্তমান উপপরিচালক মোহা. নুরুল হুদা তদন্ত শুরু করেন। তদন্তে এর সত্যতা পাওয়া যায়। 

পরে আদালত কারাদণ্ডসহ অর্থদণ্ডের টাকা আগামী দুই মাসের মধ্যে রাষ্ট্রের অনুকূলে জমা দেওয়ার নির্দেশ দেন। 

সাইফুল ইসলাম পলাতক থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশও দিয়েছেন বলে জানান ফজলুল হক।