লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালকের মৃত্যু

লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান, পিকআপ, ভ্যান, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের চারমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ থেকে ছয় জন।

সোমবার সকালে সদর উপজেলার দালাল বাজার মাইলের মাথা এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবু লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার শাখারীপাড়ার পুলিন বিহারী দে’র ছেলে। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, ঘটনার সময় শিবু গাড়ি নিয়ে লক্ষ্মীপুর থেকে রায়পুরের দিকে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছলে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তার পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। একইসঙ্গে দ্রুতগতির একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয়রা দ্রুত আহত সবাইকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিবুকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। আমরাও খোঁজ নিচ্ছি।