যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে নোয়াখালীর সেনবাগে মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সকালে অভিযান চালিয়ে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় অভিযুক্তদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, ৪৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬৩ হাজার টাকা ও মাদক কারবারে ব্যবহৃত ৯টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের  আব্দুল জব্বারের ছেলে বেলাল হোসেন (৪৫) ও তার স্ত্রী আফরোজা আক্তার বকুল (৩৩)।

সেনবাগ থানার ওসি এস.এম মিজানুর রহমান জানান, মাদক কারবারি বেলাল হোসেনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। চলমান বিশেষ অভিযানে সেনবাগ থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের পর আসামিদের নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়েছে।