ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত তিন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে তিন জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। 

বুধবার (১১ ডিসেম্বর) সকালে জেলা বিজয়নগর উপজেলার বারঘরিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক পাভেল মিয়া, নাসিরনগর দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে শিশু রাইছা।  

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মারগুব তৌহিদ জানান, কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। একই সময় সিলেটগামী একটি পিকআপ দুর্ঘটনা কবলিত ট্রাকে ধাক্কা দেয়। 

তিনি জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি থানা হেফাজতে আছে। বর্তমানে ঢাকা-সিলেট সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।