লক্ষ্মীপুর-রামগতি সড়কের জমিদার হাট এলাকায় ট্রাক ও ব্যাটারি চালিত অটো রিকশার সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছিমা আক্তার (২৫) রামগতি উপজেলা চরসীতা এলাকার আবদুল বারেকের স্ত্রী।
আহতরা হলেন, নিহত নারীর বড় বোন ফারজানা আক্তার ও অটোরিকশার চালক। গুরুতর অবস্থায় ফারজানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত দুই নারী অটোরিকশায় যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, শুক্রবার সকালে রামগতি উপজেলার চরসীতা এলাকায় বাবার বাড়ি থেকে অটোরিকশায় স্বামীর বাড়ির দিকে যাচ্ছিলেন নাছিমা আক্তার ও ফারজানা আক্তার। ব্যাটারি চালিত অটোরিকশাটি জমিদারহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাছিমার মৃত্যু হয়।
স্থানীয় সদর হাসপাতালের চিকিৎসক ডা. কমলাশীষ জানান, আহতদের মধ্যে ফারজানা আক্তারের অবস্থায় আশঙ্কাজনক। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।
রামগতি থানার ওসি মো. কবির হোসেন জানিয়েছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।