স্বর্ণ চোরাচালানে বিমানের উড়োজাহাজ জব্দ, তবে…

উড়োজাহাজে করে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকলে সাধারণত অভিযুক্ত যাত্রীকে আটক করা হতো। কিন্তু একই অভিযোগে এবার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে গোটা উড়োজাহাজ জব্দ করা হয়েছে। এর আগে স্বর্ণ চোরাচালানের ঘটনায় শাহজালালে বিমান জব্দ করা করা হয়েছিলো।

বৃহস্পতিবার অধিদপ্তরটির সহকারী পরিচালক বিল্লাল হোসেন জানিয়েছেন, এক নারী যাত্রীর সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ কেজি ৩২০ গ্রাম স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় ১ হাজার কোটি টাকা দামের উড়োজাহাজটিও আটক দেখানো হয়েছে। বিকেলে বিমানটি জব্দ করা হয়।

তিনি জানান, চোরাচালানের স্বর্ণ পরিবহন করায় উড়োজাহাজটিও অভিযুক্ত। তাই স্বর্ণের বারগুলো আটকের পাশাপাশি ফ্লাইট নম্বর বিজি১৪৮ (বোয়িং ৭৭৭-ইআর, রেজি নম্বর এস২-এএফকিউ) উড়োজাহাজটিকেও কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী আটক করা হয়।

তিনি বলেন, বাস্তবে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিমানবন্দরে আটক রাখার সুযোগ নেই। তদন্তের কাজে সুবিধার জন্য উড়োজাহাজটি আটক দেখানো হয়েছে। যখনি আনতে বলা হবে তখন এটি আনবে কর্তৃপক্ষ।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, বিমানের ফ্লাইটে স্বর্ণের বার উদ্ধারের পর প্লেনটি ১০টা ৫২ মিনিটে ঢাকা চলে গেছে।

কাস্টম গোয়েন্দা বিভাগ জানিয়েছে, প্লেনটি কাগজে-কলমে জব্দ করা হয়েছে। এটি বিমানকে জবাবদিহির আওতায় আনার অংশ। কারণ বিমানে সিটের নিচে স্বর্ণ লুকানো যাত্রীর পক্ষে সম্ভব না।

এ ঘটনায় বিমানের কেউ ছিল কিনা, বিমানের ভেতরের ক্যামেরার ফুটেজ, সিকিউরিটি ইত্যাদি জবাবদিহির আওতায় আনার জন্য অফিশিয়ালি জব্দ দেখানো হয়েছে। উড়োজাহাজটি যাত্রী পরিবহনে বাধা নেই।

এর আগে সকালে বিমানটি দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে একটি আসনের নিচ থেকে দুই কেজির বেশি স্বর্ণ জব্দ করা হয়। এ সময় রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকার আতিয়া সামিয়া নামের এক যাত্রীকে আটক করা হয়।

তিনি সংযুক্ত আরব আমিরাতের একটি স্বর্ণ দোকানের বিক্রয়কর্মী বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বিমানের আসনের নিচে যেভাবে স্বর্ণের বার রাখা হয়েছিল, সেগুলো বিমানের কারও সহায়তা ছাড়া রাখা সম্ভব না। তাই তদন্তের স্বার্থে কাস্টমস আইন অনুযায়ী, বিমানটি জব্দ করা হয়েছে।

বিমানটি জব্দ করা হলেও সেটি বৃহস্পতিবার সকালে শাহ আমানত বিমানবন্দরে যাত্রী নামিয়ে বেলা ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।