ক্রস ফিলিংয়ের সময় সহস্রাধিক গ্যাস সিলিন্ডার জব্দ

চট্টগ্রামে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ক্রস ফিলিং (এক সিলিন্ডার থেকে আরেকটিতে গ্যাস ভরা) করার সময় ৬৭২টি সিলিন্ডার জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিলিন্ডারগুলো জব্দ করা হয়। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলার চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ ক্যাম্পের মেজর ফজলে রাব্বির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  

এসময় মেসার্স নুসরত এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান থেকে গ্যাস সিলিন্ডারগুলো জব্দ করা হয়। এর মালিক জালাল উদ্দিন বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া, অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে এই প্রতিষ্ঠানে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করা হচ্ছিলো। রাতে সেনাবাহিনী নিয়ে অভিযান শুরু হয়। এ সময় মালিক সটকে গেলেও বহু সিলিন্ডার জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধভাবে গ্যাস আনা-নেওয়া কাজে ব্যবহৃত পিকআপ  ভ্যান জব্দ করা হয়। 

তিনি জানান, ২০২২ সালে একই অভিযোগ জালাল উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালত জরিমান করেছিল।