চট্টগ্রাম বিমানবন্দরে ৫০ লাখ টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫০ লাখ টাকা সমমূল্যের স্বর্ণের চালান জব্দ করেছে এনএসআই’র চট্টগ্রাম বিমানবন্দর টিম।

বুধবার (১২ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে চট্টগ্রামে আসেন অভিযুক্ত যাত্রী শাহিন আল মামুন। এসময় সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

তিনি ওমরা হজের মোয়াল্লেম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আটকের পরে তাকে তল্লাশি করে তার হাত ব্যাগ এবং প্যান্টের পকেটে ২২ ক্যারেটের ৪০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

উদ্ধার স্বর্ণালংকার এরই মধ্যে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, আটক যাত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।