দেশে কখনও সঙ্কট সৃষ্টি করতে বিএনপি রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, ‘৯০ সালে গণঅভুত্থানের পর যদি বিচারপতি দ্রুত একটি স্বচ্ছ সাধারণ নির্বাচনের ব্যবস্থা না করতেন, তাহলে ওই সময় গণতন্ত্র ও জাতি সঙ্কটে পড়তো।
বুধবার (২৬ মার্চ) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুরের রাজাপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি, সুস্থতাসহ তারেক রহমানের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, দেশে বর্তমানে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছে। নতুন কোনো বিনিয়োগ নাই। যেভাবে মানুষর বাড়িঘর দখল করা হচ্ছে এবং মব জাস্টিস চলছে, এ থেকে উত্তরণের একমাত্র পথ হলো গণতান্ত্রিক সরকার। তাই দ্রুত সময়ে দেশে গণতান্ত্রিক নির্বাচন দেওয়া জরুরি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বিটিভির সাবেক রিপোর্টার শাহ আলম, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, বাফুফের টেকনিক্যাল কমিটির সদস্য হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।
পরে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামান করে দোয়া করা হয়।
এর আগে বরকত উল্লাহ বুলু বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফাতর ও দোয়ার অনুষ্ঠানে যোগ দেন।