চট্টগ্রামে একটি ইস্পাত কারাখানার লিফটের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় জিপিএইচ ইস্পাত নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা- কারখানা সংলগ্ন এলাকার মো. মোস্তফা (২৫) ও মিরসরাই উপজেলার মো. রিফাত (২৫)। তারা ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পেয়ে দৈনিক মজুরিতে কারখানাটিতে কাজ করতেন।
কারখানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে লিফট ছিঁড়ে নিচে পড়ে দুই জন আহত হন। এসময় অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মোস্তফার মৃত্যু হয়। আর বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাতও মারা যান।
সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।