কুমিল্লায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশে একটি মাছে ঘের থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জেলার লাকসাম উপজেলার পৌর শহরের আট নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের একটি পুকুর থেকে ওই শিশু দুটির মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
নিহত দুই শিশু হলো- গুনতি গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের ছেলে জিহাদ হোসেন (৭)। সে গুনতি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। অপর নিহত শিশুর নাম শাব্বির হোসেন মহিন (১০)। সে ওই এলাকার মো. মোহাম্মদ আলীর ছেলে ও গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো।
শিশুদের পারিবার জানায়, সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর থেকেই তারা নিখোঁজ হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে এক শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা খবর দেন। পরে লোকজন এসে ওই পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
লাকসাম থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশগুলো দাফনের জন্য পরিবার ব্যবস্থা গ্রহণ করছে। শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে দেখা যায়নি।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। দুই পরিবারের পক্ষ থেকে দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে।