নোয়াখালীর সোনাইমুড়ীতে মাটি ব্যবসার দ্বন্দ্বে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার বাদিকে ৭২ ঘণ্টার মধ্যে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হয়েছে অভিযোগ পাওয়া গেছে। নচেৎ দেওয়া হয়েছে হত্যা হুমকিও।
মঙ্গলবার (২০ মে) বিকেলে নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করে নিহতের স্ত্রী ফাতেমা বেগম হীরা।
তিনি জানান, ১৩ মে দুপুরে চৌমুহনীর চৌরাস্তার একটি রেস্টুরেন্ট থেকে স্বামীকে কয়েকজন তুলে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। মরদেহ বেগমগঞ্জের পালোয়ান পুলের কাছে একটি খালে ফেলে চলে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে আনোয়ার হোসেন ও আবুল বাসার বাবু নামে দুই জনকে আটক করে পুলিশে দেয়।
ফাতেমা বেগম জানান, এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্ত করে ১৫ মে ৩১ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে মামলা তুলে না নিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
এমন ঘটনায় নিরাপত্তাহীনতার ভুগছেন জানিয়ে দ্রুত হত্যকারীদের গ্রেপ্তার দাবি করেছেন তিনি।