বিভিন্ন সংবাদমাধ্যমে খবর পেয়ে পাহাড়ের ‘গোল্ডেন গার্ল’ ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মায়ের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এই নারীর পাশে দাঁড়ালো বিএনপি। দলটির পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা, প্রতিমাসে কেমো থেরাপি দেওয়া বাবদ ৩০ হাজার টাকাসহ তার চিকিৎসার সব খরচ বহনের ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার (৯ জুলাই) দুপুরে বৈরি আবহাওয়া ও প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে রাঙ্গামাটি শহর থেকে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম পথ পাড়ি দিয়ে ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখতে যান বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তার সঙ্গে ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার হেলাল, আমরা বিএনপির পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মো. মিথুন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ অন্যরা।
ঋতুপর্ণাদের বাড়িতে গিয়ে মা ভুজিপুতি চামকার সঙ্গে কথা বলেন রিজভী। এসময় তার স্বাস্থ্যের খোঁজ নেন তিনি।
সেখানে তিনি জানান, তারেক রহমান বিভিন্ন মিডিয়ায় খবর পেয়ে ঋতুর মায়ের পাশে দাঁড়ানের নির্দেশ দিয়েছেন। তাই আমরা এখানে এসেছি। আমরা ঋতুর মায়ের চিকিৎসার সব খরচ বহন করবো।
এসময় রুহুল কবির রিজভী আমরা বিএনপি পরিবার ও রাঙ্গামাটি জেলা বিএনপির পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা ঋতুর মায়ের হাতে তুলেন দেন। এছাড়া প্রতি মাসে কেমোথেরাপি দেওয়ার জন্য ৩০ হাজার টাকা করে আমরা বিএনপি’র পরিবারের পক্ষ থেকে দেওয়া হবে বলেও ঘোষণা দেন।
এদিকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, সংস্কারে কথা বলে নির্বাচন পেছানোর নানা বয়ান আমরা শুনতে পাচ্ছি। কিন্তু সেগুলো কোনো কাজে লাগবেনা।
তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশে উন্নয়নের যে ফিরিস্তি স্বৈরাচারী হাসিনা সরকার দিয়েছে, তা এই পাহাড়ে না আসলে দেখতে পেতাম না।
পাহাড়ের গোল্ডেন গার্ল ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঋতুর মা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। ইতিমধ্যে তিনটি কেমোথেরাপি নিয়েছেন। প্রতি ২১ দিন পর তাকে চট্টগ্রাম নিয়ে গিয়ে কেমোথেরাপি দিতে হচ্ছে।