নোয়াখালীতে আওয়ামী লীগের কর্মী সন্দেহে এক চাকরি প্রার্থীকে বাসের ভেতর মারধরের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে সোনাইমুড়ী থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- সোনাইমুড়ী পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিজয়নগরের জমাদ্দার বাড়ির আরিফুল ইসলাম (৩৩) ও পাঁচ নম্বর ওয়ার্ডের হাবিব উল্যাহ দরবেশ বাড়ির জাহিদুল ইসলাম হৃদয় (২৬)।
নির্যাতনের শিকার যুবক তরিকুল ইসলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রার্থী ছিলেন।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম জানান, গত ১৪ জুলাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরির পরীক্ষা দিতে ঢাকা থেকে আসছিলেন তরিকুল। সোনাইমুড়ী বাইপাস এলাকায় আওয়ামী লীগের কর্মী সন্দেহে মুখে মাস্ক পরিহিত অবস্থায় কয়েকজন যুবক হামলা ও মারধর করে। এ বিষয়ে থানায় মামলা হলে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে।
তিনি জানান, বুধবার দুপুরে তাদের নোয়াখালীর আদালতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।