চিকিৎসাসহ মেডিকেলের স্তরে স্তরে রোগীদের হয়রানির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালালকে গ্ৰেপ্তার করা হয়েছে। গ্ৰেপ্তার ব্যক্তিদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দৃপ্তের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে তিনি জানান, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করার দায়ে ১১ দালালকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিন দুপুরের মেডিকেলের বিভিন্ন অংশ থেকে প্রথমে ১৪ জনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জড়িত ১১ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় থাকা কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, কুমিল্লা মেডিকেল কলেজে দালালদের কার্যক্রম যে পর্যায়ে পৌঁছেছে, মেডিকেলে ওয়ার্ডবয় থেকে অ্যাম্বুলেন্সচালক পর্যন্ত সবাই দালালির সঙ্গে জড়িত। তাদের হাতে প্রতিদিন অসংখ্য রোগী ও স্বজনরা চিকিৎসা নিতে এসে প্রতারিত হচ্ছেন।
মেডিকেলে দালাল শূন্যের কোটায় আনা এবং শৃঙ্খলা ফেরাতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাব অধিনায়ক।