চট্টগ্রামে আবারও গুলি, এবার শ্রমিকদল নেতাকে হত্যা

চট্টগ্রামে শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেলার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল মান্নান (৩০)। তিনি ওই উপজেলার সরফভাটা ইউনিয়নের শ্রমিকদলের সহ সভাপতি ছিলেন। মান্নান ইউনিয়নটির তিন নম্বর ওয়ার্ডের মো. নাজের সওদাগরের ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মো. সেলিম স্থানীয়দের বরাতে জানান, রাতে ক্ষেত্রবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে শিলক গ্রামের দিকে যাচ্ছিলেন মান্নান। পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে মান্নানের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে।