চট্টগ্রামে বাড়ির সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামে নিজ বাড়ির সামনে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্ত। এসময় মোটরসাইকেল থামিয়ে তার বুকে দুই বার গুলি চালানো হয়। 

সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়ার হাট এলাকার শিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম জানে আলম শিকদার (৪৮)। তিনি রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য এবং রাউজানের সাবেক সংসদ ও বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। জানে আলম পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকও ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাতে জানে আলম তার বাসার গেটের সামনের দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিন জন এসে দাঁড়ায়। তারা পরপর দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। তার বুকে দুটি গুলি করা হয়েছে। উদ্ধার করে চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।