চট্টগ্রামে স্কুলছাত্রকে গলাকেটে হত্যা

চট্টগ্রামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে ওই তরুণ প্রায় ১২ ঘণ্টা ধরে নিখোঁজ ছিলো।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে জেলার রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া এলাকা থেকে তরুণটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম মোহাম্মদ শাহেদ ইসলাম। পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র শাহেদ উপজেলার পাঁচ নম্বর পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎ পাড়া এলাকার মোহাম্মদ আব্দুল মোনাফ ও জান্নাতুল ফেরদৌস বেগম দম্পতি সন্তান।

পরিবার জানিয়েছে, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে শাহেদ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। 

পরে আজ সকালে স্থানীয়রা পারুয়া এলাকায় বাড়ির পাশের বাঙি ক্ষেতে তার গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরমান হোসেন বলেন, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।