অপকর্মে জড়িত থাকলে দলের পদ ছাড়ুন: মাহবুব উদ্দিন খোকন

আগামীতে যারা জনপ্রতিনিধি হতে চান, তাদের কোনো ব্যক্তিগত দুর্বলতা বা অপকর্মের অভিযোগ থাকলে দলের পদ ছেড়ে দেওয়ার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সুস্থতা কামনায় অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার ও গরুর মাংস বিতরণ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সমাজে যারা নেতৃত্ব দিতে চান বা জনপ্রতিনিধি হতে চান, তাদের সমাজ থেকে কিছু নেওয়ার বদলে দেওয়ার মানসিকতা থাকতে হবে। যাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে, তারা দলের পদে থাকলে তা ছেড়ে দিয়ে অন্য কোনো পেশায় চলে যান।

তিনি আরও যোগ করেন, বিএনপির এতো বেশি নেতার দরকার নেই। আমাদের সঙ্গে জনগণ আছে। তৃণমূলের এক একজন কর্মী শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি। নেতাদের আদর্শবান আচরণের ওপরই দলের সম্মান ও জনসমর্থন নির্ভর করে। যেসব নেতার কারণে দলের বদনাম হয়, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সাবেক সদস্য মাসুদ রানা এবং সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য আবদুল করিম মামুনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাহবুব উদ্দিন খোকন স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. আবদুল্লাহ এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।