চট্টগ্রামে আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতাকে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও পায়ের রগকেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জেলার সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্যভাটেরখিল এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
নিহতের নাম মোহাম্মদ শামীম (৩২)। তিনি সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবছার বাড়ির আবুল মনসুরের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, শামীম মুরাদপুর ইউনিয়নের মধ্যভাটেরখিল এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। বুধবার রাত একটার দিকে সেখান থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে এলাকাবাসী তার মরদেহ দেখতে পান।
নিহতের ভাই মো. সেলিম জানান, শামীম দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তিনি বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, বুধবার রাত একটার দিকে জাতীয় জরুরি সেবা (৯৯৯) থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, এলাকায় উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রকৃত দোষীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।