চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় মাটি খননের সময় দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাতে বি-ফোর এলাকায় একটি হাইড্রো কোম্পানির কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন—দিনাজপুরের তুষার ও রাকিব (পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি)। এ ঘটনায় সাগর ও এরশাদ নামে আরও দুই শ্রমিক আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হাইড্রো কোম্পানির অধীনে গভীর খননকাজ চলছিলো। এ সময় হঠাৎ ওপর থেকে মাটির বিশাল একটি অংশ ধসে পড়লে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে তাঁদের সহকর্মীরা দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তুষার ও রাকিবকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, নিহত দুজনকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত শ্রমিক সাগর ও এরশাদকে হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
হালিশহর থানা-পুলিশ জানায়, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।