রাউজানে একদিনের ব্যবধানে আবারও গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে একদিনের ব্যবধানে আবারও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমশের পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহতের নাম নাছির উদ্দীন (৪৫)। ওই এলাকার দুদু মিয়ার ছেরে নাসির যুবদল কর্মী ছিলেন। স্থানীয়দের ভাষ্য, দলীয় কোনো পদ-পদবি না থাকলেও নাছির যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং সব ধরনের দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত একদল সন্ত্রাসী নাছিরকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।

রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে নিহত নাছির উদ্দীনের বিরুদ্ধে থানায় হত্যাসহ মোট ছয়টি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে গত ২৫ এপ্রিল রাতে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল খামারটিলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে কাউছার জামান বাবলু নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।