দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ দুইজন, শেরপুরে দুইজন এবং নোয়াখালীতে এক সরকারি কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া ময়মনসিংহের ভালুকায় কারখানার গর্তে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ও শনিবার (১৮ জুলাই) এসব দুর্ঘটনা ঘটে।
একাত্তরের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
নরসিংদীতে সড়কে ঝরলো দুই এইচএসসি পরীক্ষার্থীর প্রাণ
নরসিংদীর শিবপুর-মনোহরদী সড়কের পুরানদিয়া এলাকায় শনিবার দুপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলেন—স্বাধীন ও নাফিস। তারা দুজনেই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। এদের মধ্যে স্বাধীনের বাড়ি নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচরের পুরানপাড়ায় এবং নাফিজের বাড়ি হাজিপুর এলাকায়।
স্থানীয়রা জানান, দুপুরে এইচএসসি পরীক্ষা শেষ করে স্বাধীন ও নাফিস মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো। পথে পুরানদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনুর মিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নীলফামারীতে বরযাত্রীর গাড়ি খাদে, শিশুসহ নিহত দুই
জেলার কিশোরগঞ্জ উপজেলায় বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশু ও এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
নিহতরা হলো—সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ছেলে জীবন ইসলাম (৭) ও মোজা মিয়ার ছেলে এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম (২০)।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরুতর আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহে কারখানার গর্তে নেমে দুই শ্রমিক নিহত
জেলার ভালুকা উপজেলায় একটি সিরামিক কারখানার বর্জ্য শোধন প্ল্যান্টের (ইটিপি) গর্তে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী এলাকার ‘এক্সিলেন্ট সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নেত্রকোনার খালিয়াজুড়ির রুমেল এবং খুলনার কয়রা এলাকার শফিকুল।
ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোপীনাথ কানজিলাল জানান, সকালে রুমেল মেরামতের কাজে ওই গর্তে নামার কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যান। তাকে উদ্ধার করতে নেমে শফিকুলও অসুস্থ হয়ে পড়েন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ীতে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত দুই
শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বালুর স্তূপে ধাক্কা দেওয়ায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার ভোরে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার খড়িয়াপাড়া গ্রামের অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) ও সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার যাত্রী শহিদুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, ঢাকা থেকে এসে শ্বশুরবাড়ি যাওয়ার পথে চেল্লাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুর স্তূপে সজোরে ধাক্কা খায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। শনিবার সকালে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
নোয়াখালীতে বাসের ধাক্কার কৃষি কর্মকর্তা নিহত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিয়ারপুল বাইপাস সড়কে শনিবার সকাল ১১টার দিকে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম আবদুর রহমান (৩৮)। তিনি বেগমগঞ্জ উপজেলা কৃষি সহকারী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সোনাইমুড়ী উপজেলার পূর্ব অম্বরনগর গ্রামে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সামচ্ছুজামান জানান, সকালে কৃষক কার্ড করার উদ্দেশে যাওয়ার পথে মিয়ারপুর বাইপাস সড়কে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।