নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫

নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজনকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকি ৪৪ জনকে মুচলেকা নিয়ে স্ব-স্ব পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পেয়ার আহমেদ। এর আগে শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে কিশোরদের অপরাধপ্রবণতা ঠেকানো, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই বিশেষ অভিযান চালানো হয়।

পুলিশ প্রকাশিত তথ্য অনুযায়ী, অভিযানে সুধারাম মডেল থানায় মোট ছয়জনকে আটক করা হয়। এর মধ্যে পুরনো একটি মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয় এবং বাকি পাঁচজনকে পরিবারে জিম্মায় দেওয়া হয়।

এছাড়া কোম্পানীগঞ্জ থানায় ১২ জন, বেগমগঞ্জ মডেল থানায় ছয়জন, সোনাইমুড়ী থানায় ছয়জন, চাটখিল থানায় চয়জন, কবিরহাট থানায় সাতজন এবং চরজব্বর থানায় দুইজনকে আটক করে মুচলেকা গ্রহণপূর্বক স্ব-স্ব অভিভাবকদের কাছে হস্তান্তর করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার পেয়ার আহমেদ বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও সমাজবিরোধী অপরাধ প্রতিরোধে পুলিশের নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, কিশোরদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরিতে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হচ্ছে।