লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকেরা তার দৃষ্টিশক্তি চিরতরে হারানোর আশঙ্কা করছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে জেলার রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন মনজু জানান, বিস্ফোরণে রুবেলের চোখ ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লেগেছে। বিশেষ করে চোখের ভেতরের অংশে মারাত্মক ক্ষতি হওয়ায় তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে আহত শাকিলকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে সোনাপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন, চার্জে থাকা অবস্থায় মুঠোফোনে গেম খেলার সময় যে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। এই মর্মান্তিক ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, কী কারণে মুঠোফোনটি বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে পুরো বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।