শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আগের তুলনায় দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও উচ্চশিক্ষার সুযোগ বেড়েছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তি শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এসব প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নির্ধারিত লক্ষ্য অর্জনেও এগিয়ে যেতে পারবে।
তিনি আরও বলেন, আগে শিক্ষার্থীদের প্রাইভেট পড়া কিংবা কোচিংয়ের ওপর অতিরিক্ত নির্ভর করতে হতো। কিন্তু প্রযুক্তির কল্যাণে এখন ঘরে বসেও এআই ও অনলাইনের সহায়তায় শিক্ষকের ক্লাসের পাশাপাশি নানা বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হয়েছে। চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে এসব সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।
তবে প্রযুক্তির নেতিবাচক দিক সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করে পানিসম্পদমন্ত্রী বলেন, স্মার্টফোন ও এআই দিয়ে ভালো কাজ করা যেমন সম্ভব, তেমনি অপব্যবহারের মাধ্যমে ক্ষতিকর কর্মকাণ্ডেও জড়ানো যায়। ডিপফেকসহ বিভিন্ন প্রযুক্তির অপব্যবহার ব্যক্তি ও সমাজের জন্য চরম ক্ষতিকর হতে পারে। তাই শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীল হতে হবে এবং কেবল ইতিবাচক কাজে মনোযোগ দিতে হবে।
শিক্ষার প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে এ্যানি বলেন, জিয়াউর রহমানের শাসনামলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের উদ্যোগ নেওয়া হয়েছিলো, যার ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের বেশ কয়েকটি কলেজ ও স্কুল সরকারি হয়। অন্যদিকে বেগম খালেদা জিয়া মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করে নারী শিক্ষায় বিপ্লব এনেছিলেন। তাদেরই উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাকে প্রধান অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।
জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ করে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের আন্দোলন করতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন, অনেক পরিবার নিঃস্ব হয়েছে। এসব পরিবারের প্রতি কেবল সমবেদনা জানিয়ে শেষ করা হবে না, সরকার ও দল সবসময় তাদের পাশে থাকবে।
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এবং পুলিশ সুপার মো. আবু তারেক।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী।