‘আপত্তিকর মন্তব্যে’ নাসিরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে নিয়ে ‘মিথ্যা, বানোয়াট ও মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে ওই বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহমুদুর রহমান মিশন ভূঁইয়ার পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত (সম্রাট) এই আইনি নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, সম্প্রতি ঢাকার একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারী। তার ওই বক্তব্যের একটি অংশে বলা হয়, ‘এই যে সন্ত্রাসী গোষ্ঠী আছে... জায়গায় এ্যানী চৌধুরীর ফোন কল যায় না, যে আমারে টাকা পাঠায়।’

এতে আরও দাবি করা হয়, বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত ৩০ অক্টোবর ‘চ্যানেল ২৪’-সহ বিভিন্ন গণমাধ্যম, অনলাইন নিউজপোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই বক্তব্য ব্যাপকভাবে প্রচারিত হয়। এর মাধ্যমে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ব্যক্তিগত মর্যাদা এবং রাজনৈতিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে, যা ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির অপরাধের শামিল।

আইনি নোটিশ পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং মন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে প্রচলিত দেশের আইন অনুযায়ী উপযুক্ত আদালতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।