সেনবাগে পিকআপ থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক

নোয়াখালীর সেনবাগে মহাসড়কে অভিযান চালিয়ে একটি পিকআপের বডির ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় পিকআপটির চালক কৌশলে পালিয়ে যান।

বুধবার (৪ নভেম্বর) রাত সোয়া একটার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় সেনবাগ থানা-পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম সৈয়দ নুর (৩৩)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার পাঁচ নম্বর হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, কক্সবাজারের টেকনাফ থেকে নোয়াখালীর উদ্দেশে ইয়াবার একটি বড়ো চালানের খবরের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। রাত সোয়া একটার দিকে টেকনাফ দিক থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে যানটির বডির ভেতরে বিশেষ কৌশলে গোপন করে রাখা ৬২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল জানান, গোপন খবরে তল্লাশি চালিয়ে চালানের সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।