নোয়াখালীেত দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ডিবির এই অভিযানের বিষয়টি জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে জেলার সোনামুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজী বাড়ির একটি কাচারি ঘরে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম ওরফে শাকের (৩০)। তিনি দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির বাসিন্দা। পুলিশ তাকে পেশাদার অস্ত্র তৈরির কারিগর হিসেবে চিহ্নিত করেছে।
পুলিশ জানায়, গোপন খবরে নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনির নেতৃত্বে পুলিশের একটি দল ওই কাচারিঘরে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাচারিঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, বন্দুকের কাঠের বাট, লোহার বাট ও বডির বিভিন্ন অংশ, ট্রিগার, বোল্ট এবং এসএস স্টিলের আটটি ছোট-বড়ো অংশ জব্দ করা হয়। এছাড়া অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা তিনটি প্লাস, তারসহ একটি গ্রাইন্ডিং মেশিন ও তিনটি রেত উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
