চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী।
শনিবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার কেরানিহাটে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—সোহানা আফরোজ (৪৫) ও মো. ইসরাফিল (৫৮)।
হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লার বুড়িচং থেকে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে পিকনিকের বাসটি কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলো। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে যাওয়ার সময় সাতকানিয়ার কেরানিহাট এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী হতাহত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আবসার জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।