লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার চর চামিতা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সুমি আক্তার ও আশিক। নিহত অপর পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত সুমি আক্তারের আহত স্বামী সিদ্দিকুর রহমান জানান, স্ত্রীকে নিয়ে তিনি শ্বশুরবাড়ি চাঁদপুরে যাচ্ছিলেন। বাস উল্টে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয়। অন্যদিকে, নিহত আশিকের স্বজনেরা জানান, আশিকের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জমিদারহাট এলাকায়। তিনি চৌমুহনী থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে বাসযাত্রী সিদ্দিকুর রহমান, রাশেদ, পলাশ উদ্দিন, মুমি, আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমসহ অন্তত ১৫ জন রয়েছেন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বাসযাত্রী বৃদ্ধ আব্দুর রহমান অভিযোগ করে বলেন, বাসটি বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাওয়ার সময় চালক শুরু থেকেই অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার বারণ করা সত্ত্বেও তিনি গাড়ির গতি কমাননি। একপর্যায়ে চার লেন সড়কের নির্মাণকাজ চলা এলাকায় পৌঁছালে বেপরোয়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত অবস্থায় অন্তত ১৫ জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আদেল আকবর জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।