ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় লক্ষ্মীপুরে পিডিবির প্রকৌশলী সাময়িক বরখাস্ত

বিদ্যুৎ সংযোগ ও মিটার দেওয়ার নামে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লক্ষ্মীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) পিডিবির উপপরিচালক (তদন্ত ও শৃঙ্খলা) বনি আমিনের স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

Laksmipur PRESS

আদেশে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ ও মিটার প্রদানসংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী ও গ্রাহকের উপস্থিতিতে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৬২-এর ১৪১ নম্বর বিধি অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ছাড়া তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এর আগে লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ লেনদেন ও ঘুষ চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ তাকেও সাময়িক বরখাস্ত করে।