লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে উদ্ধার হওয়া পাঁচটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করেছেন বিশেষজ্ঞ দলের সদস্যরা।
আদালতের অনুমতি নিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এর আগে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে দুই দিন পুলিশ পাহারা বসানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির একটি পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা পাওয়া যায়। পরে কৌটা খুলে ভেতরে টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পান সংশ্লিষ্টরা। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে।
পুলিশ জানায়, খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের ভাড়া নেওয়া ঘরটি ওই সিকদার বাড়িতে শনাক্ত করা হয়েছিল। এর আগে ওই ঘর থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটার ভেতরে টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। পরে সেগুলো নিষ্ক্রিয় করতে আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হয়। আদালত অনুমতি দিলে বৃহস্পতিবার দুপুরে বিশেষজ্ঞ দলের সদস্যরা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে পাঁচটি বোমা নিষ্ক্রিয় করেন।’
তিনি আরও বলেন, ‘বোমাগুলো কারা সেখানে রেখেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
এ সময় স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি কোথাও সন্দেহজনক কোনো বস্তু দেখতে পেলে সেটিতে স্পর্শ না করে পুলিশকে জানানোর অনুরোধ জানান।