শ্বশুরবাড়িতে যমজ সন্তান ও বাবার মরদেহ, চিরকূটে ‘শাশুড়ির কাছে পাওনা টাকার দাবি’

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে জাহেদ হোসেন (২৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তার সাত মাস বয়সী দুই যমজ কন্যাশিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, শাশুড়ির সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শিশু দুটিকে বালিশে চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে এ ঘটনার পেছনে অন্য কোনো বিষয় জড়িত কি না, তা খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মাওলার পাড়া এলাকার শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহত জাহেদ হোসেন ওই এলাকার সাবেক চেয়ারম্যান বদিউল আলমের ছেলে। নিহত যমজ দুই শিশুর নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় জাহেদের স্ত্রী মানত পূরণের জন্য মাজারে গিয়েছিলেন এবং পরিবারের অন্য সদস্যরা ঘরের বাইরে ছিলেন। পরে ঘর ভেতর থেকে হুক লাগানো অবস্থায় ঘরের বিমের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় জাহেদের মরদেহ এবং খাটে দুই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী, বালিশে শ্বাসরোধ করে দুই শিশুকে হত্যার পর আত্মহত্যা করেছেন জাহেদ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে শাশুড়ির কাছে দুই লাখ ৬০ হাজার টাকা পাওনা থাকার কথা উল্লেখ রয়েছে। শাশুড়ির সঙ্গে এই পাওনা টাকা নিয়েই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে শুধু পাওনা টাকার জেরে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে সন্দেহে এলাকাবাসী। পুরো ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনি পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৮ মাস আগে আফিয়া বেগমের সঙ্গে জাহেদের বিয়ে হয়। বিয়ের পর তিন মাস তারা শহরে ভাড়া বাসায় ছিলেন। এরপর স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন জাহেদ।