বিরিয়ানিতে কাপড়ের রং, ৫০ হাজার টাকা জরিমানা

বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চির মতো জনপ্রিয় খাবারগুলোকে ক্রেতাদের কাছে লোভনীয় ও আকর্ষণীয় করে তুলতে ক্ষতিকর কাপড়ের রং ব্যবহারের গুরুতর অভিযোগে কুমিল্লার ‘নিউ হাজী বিরিয়ানি হাউজ’-কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত কুমিল্লা নগরীর কাটাবিল ও তেলিলোনা এলাকায় এই বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নিউ হাজী বিরিয়ানি হাউজে খাবার তৈরিতে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর কাপড়ের রং, নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহার এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Cumilla Food Fine 02
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং কুমিল্লা সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন উপস্থিত থেকে কারিগরি সহায়তা প্রদান করেন।

এ ছাড়া অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।