দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনী অগ্রগামী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে অংশগ্রহণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন। আগামী দিনেও তারা এ ধরনের মানবিক ও গঠনমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিভিন্ন আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জহুরুল হক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল-মামুন মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যরা গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। পাশাপাশি যেকোনো জাতীয় সঙ্কেট বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত উজ্জ্বল।
১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন বলেও মন্তব্য করেন এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল-মামুন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া খেতাবপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।