পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ এবং বাহিনীর স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার বিকেল তিনটার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং গোপন তথ্যের সূত্র উদ্ঘাটনে এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আগামী সাত দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া সাংবাদিকদের জানান, রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত সব দিক বিবেচনায় নিয়ে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এর আগে শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের সিএমপি অফিসার্স মেস থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় এই রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, এসপি জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সক্রিয় ছিলেন। এ ছাড়া বাহিনীর অভ্যন্তরীণ ও অত্যন্ত স্পর্শকাতর তথ্য আওয়ামী লীগ নেতাদের কাছে সরবরাহ করার সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ঘটনার সূত্রপাত হয় গত ১০ নভেম্বর। সেদিন অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পরপরই জাহাঙ্গীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। ওই সময় তাঁর ব্যবহৃত ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকাস্থ পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। ফরেনসিক পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্যের প্রমাণ মিললে আইনি পদক্ষেপ নেওয়া হয়।
বর্তমানে পুরো বিষয়টির বিভাগীয় তদন্ত পরিচালনা করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। অন্যদিকে, ফৌজদারি মামলাটির তদন্ত পুলিশের বিশেষ ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) অথবা কাউন্টার টেররিজম ইউনিট পরিচালনা করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গ্রেপ্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন।
চট্টগ্রামের ডিআইজি ও গোপালগঞ্জের এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
আ.লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার